
মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিনিধি।
বাগেরহাট বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি অবশেষে পূরণ হলো। মাননীয় আপিল ডিভিশনের সদ্যপ্রাপ্ত আদেশে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহাল হয়েছে। এ সিদ্ধান্তে স্বস্তি ও সন্তুষ্টির জোয়ার বইছে জেলাজুড়ে।
বিচার বিভাগে টানা আইনি লড়াইয়ের মাধ্যমে এ দাবিকে বাস্তবে রূপ দিতে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। বিশেষ করে ব্যারিস্টার জাকিরসহ সংশ্লিষ্ট সকল আইনজীবীগণ এ লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের ধারাবাহিক প্রচেষ্টা, প্রস্তুতি ও আত্মনিবেদনেই আজ বাগেরহাটবাসী তাদের কাঙ্ক্ষিত অর্জন দেখতে পেল।
এছাড়া আইনি প্রক্রিয়ায় সহায়তা, পরামর্শ, মানসিক শক্তি ও উৎসাহ প্রদানকারী সকল শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে জেলার সচেতন মহল।
বাগেরহাটবাসীর দাবি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন সি.পি.এ রফিকুল ইসলাম (জগলু)। বিষয়টি নিয়ে তিনি শুরু থেকেই সক্রিয় ছিলেন এবং নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর এ অবদানও স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
আসন পুনর্বহালের এ ঐতিহাসিক সিদ্ধান্তে বাগেরহাটজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। সবাই আশা করছে—এ সিদ্ধান্ত জেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণ ও জনগণের সেবাপ্রাপ্তিতে নতুন দিগন্ত খুলে দেবে।