
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি রোধ এবং বখাটে ও মাদকাসক্তদের দৌরাত্ম্য প্রতিহত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। তাঁর এ সময়োপযোগী উদ্যোগ ইতোমধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে গত ২৪ জুন (বুধবার) উপজেলার গদাইপুর ইউনিয়নে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়। গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাইকগাছা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আশপাশে টহল দেন। এ সময় স্কুল চলাকালে শিক্ষার্থীদের অযথা ঘোরাঘুরি বন্ধ এবং এলাকায় বখাটে ও মাদকাসক্তদের তৎপরতা প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ইউএনও মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের কার্যক্রম চালু হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পাবে। একই সঙ্গে সামাজিক অপরাধ, বখাটেপনা ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি তারা এ কার্যক্রম নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উপস্থিতির হার তুলনামূলক কম লক্ষ্য করা যায়। এছাড়া বিদ্যালয় চলাকালে অনেক শিক্ষার্থীকে নিকটবর্তী খেলার মাঠ ও দোকানে অবস্থান করতে দেখা গেছে। এ কারণে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং একটি নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।”
সচেতন মহলের মতে, প্রশাসনের এমন জনবান্ধব ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।