
মোঃ মনিরুল ইসলাম আকন্দ সোহেল।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে ৩ লাখ টাকা জরিমানা এবং চার বছরের জন্য গ্রামছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। অভিযুক্ত যুবকের নাম কামরুল। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সান্দিকোনা এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে কামরুল হাতেনাতে ধরা পড়েন। ঘটনার পরপরই বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এরই প্রেক্ষিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নতুন বাজার এলাকায় গ্রামবাসীর উপস্থিতিতে একটি গ্রাম্য সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে অভিযুক্ত কামরুলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী চার বছরের জন্য তাকে গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সালিস সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে কেউ মোটরসাইকেল চুরি করলে বা চুরি করা মোটরসাইকেল অন্যের কাছে গোপনে এনে বন্ধক রাখলে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি তার অভিভাবকের কাছ থেকেও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হবে।
গ্রামবাসীরা জানান, এ ধরনের কঠোর সিদ্ধান্তের মাধ্যমে এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ দমন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
গ্রাম্য সালিস বৈঠকে কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য মো. সবুজ মিয়ার সঞ্চালনায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।