
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সদ্য যোগদান করেছেন মোঃ জিয়াউল হাসান সৌরভ। তিনি এর আগে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে বদলি হয়ে মোঃ জিয়াউল হাসান সৌরভ গত ১১ আগস্ট গাজীপুর সদর উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, জনগণের হয়রানি কমানো এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন আমি নতুন করে এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমার প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত ভূমি সেবা নিশ্চিত করা।
ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। নামজারি, জমাভাগ, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন করসহ যেসব সেবা ভূমি অফিস থেকে প্রদান করা হয়, সেগুলো নিয়ম অনুযায়ী এবং নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা থাকবে।
দালাল বা কোনো ধরনের অনিয়মের মাধ্যমে যেন সাধারণ মানুষকে সেবা নিতে না হয়—এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকব। নাগরিকরা সরাসরি ভূমি অফিসে এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। কোনো সেবা পেতে সমস্যা হলে বা কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটিও আমাদের জানাতে পারেন।
আমি বিশ্বাস করি, ভূমি অফিস শুধু একটি সরকারি দপ্তর নয়; এটি সাধারণ মানুষের জমি, সম্পদ ও অধিকার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।
সকলের সহযোগিতা নিয়ে এই ভূমি অফিসকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
গাজীপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউল হাসান সৌরভকে স্বাগত জানিয়েছেন।