
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা
গোপালগঞ্জ “সামাজিক শান্তি রক্ষায় করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সিসিডিবি-সিপিআরপি,গোপালগঞ্জের প্রশিক্ষণ কক্ষে সামাজিক নেতা, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, স্কুল শিক্ষক, সাংবাদিক এবং সি সি ডি বি ফোরাম নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা’র সভাপতিত্ব করেন সিসিডিবি-সিপিআরপি, গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার শাশ্বতী নাগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিডিবি-সিপিআরপি, গোপালগঞ্জের প্রশিক্ষক হালিমা খানম, শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মসূচি কর্মকর্তা ইকবাল হোসেন মিঠু এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মোর্শেদা বেগম।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, সহনশীলতা বৃদ্ধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে দলীয় কাজের মাধ্যমে সামাজিক শান্তি বিনষ্টের কারণ এবং শান্তিপ্রতিষ্ঠায় করণীয় উদ্যোগ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিশংকর বিশ্বাস, এন টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, পুরোহিত রবীন্দ্রনাথ চক্রবর্তী, ইমাম হাফেজ মো: মহসিন, মিয়াপাড়া শিওন এজি চার্চের পাস্টর রেভা: নেলসন নীলরতন বিশ্বাস, এবং সাংবাদিক প্রতিনিধিগণ এবং সিসিডিবি-সিপিআরপি গোপালগঞ্জ উপজেলা নেটওয়ার্ক ও ফোরাম নেত্রীবৃন্দ।