
নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ ৭ জুন (রবিবার) বিকাল ৪ টায় নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মসিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক শাহাদত কবির রুবেলের যৌথ নেতৃত্বে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন হাতে মিছিলে অংশ নেন। মিছিল থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সভাপতি মোঃ মসিয়ার রহমান বলেন, “কেন্দ্রীয় যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে নড়াইল জেলা যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”
সাধারণ সম্পাদক শাহাদত কবির রুবেল তাঁর বক্তব্যে বলেন, “কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নড়াইলের যুবসমাজ আজ রাজপথে নেমেছে। আমরা এই নতুন কমিটির নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
সমাবেশে জেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।