
সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ-পরবর্তী নেতা-কর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সুপার মাওলানা আমিনুল ইসলাম এবং কাজী তমজীদ আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, সাবেক আমীর মাস্টার মঈন উদ্দিন আহমেদ, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, ডা. আছাদুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঈদুল আজহার ত্যাগ ও কোরবানির শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তারা ইসলামী মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজে অংশ নেন। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতা-কর্মীদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের দৃশ্য লক্ষ্য করা যায়।