
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত ‘নাবার খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার নাবার বিলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও প্রতীকী মাটি কাটার মাধ্যমে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধান (মনিটরিং) মোঃ আঃ ছাত্তার গাজী।
বিএডিসির খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় এই খালটি পুনঃখনন করা হচ্ছে। উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা মৌজার হাড়িয়া নদী থেকে প্রায় ১২৬০ মিটার দৈর্ঘ্যের খালটি খনন করা হবে। যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএডিসির বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং বিএডিসির খুলনা জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক পিনাকী সাধু, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, খালটির পুনঃখনন কাজ সম্পন্ন হলে নোয়াকাটীর বিল, নাবার বিল, হাউলির বিল ও ধোনার বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। এর ফলে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হবে এবং কৃষি ফসল উৎপাদন ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাওলানা বুলবুল আহমেদের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।