
মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাজাসহ এক যুবককে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (৩১ জুলাই)সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কপিলমুনি মাছ বাজার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে স্থানীয়দের সহযোগিতায় কপিলমুনি ইউনিয়নের উত্তর নাসিরপুর গ্রামের সাহেব আলী গাজীর ছেলে মোঃ আক্তার হোসেন(৩৫)-কে ৫ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসীউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালত অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিক ও যুবসমাজকেও এগিয়ে আসতে হবে।”
পুলিশ জানিয়েছে,মাদকের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।