
মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনা-৬(কয়রা–পাইকগাছা)আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
বুধবার(১২আগস্ট ২০২৬)সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা,অবকাঠামোগত অবস্থা, রোগীদের সেবার মান ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় হাসপাতালের জনবল সংকট,প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতি এবং অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়গুলো উঠে আসে।
এমপি আবুল কালাম আজাদ এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।তিনি বলেন,সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধি ও বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এছাড়া হাসপাতালের মসজিদ সংস্কারের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে ৩ লাখ টাকার অনুদানের চেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য,এর আগে এপ্রিল ২০২৬ সালে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় মাওলানা আবুল কালাম আজাদ এমপি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
এ সময় হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।