
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানাধীন ৪নং বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামে গত ৩০ জানুয়ারি ২০২6 ইং, বিকাল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগকারী জানান, তার কন্যা সন্তান (১৭) ও তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে কিশোরীকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, অভিযুক্তরা একটি অটোচার্জার ভ্যানে করে কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করে জানায়, বিষয়টি নিয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং কিশোরীকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফুলবাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।