
মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলা-এর চাঁদখালী ইউনিয়ন-এর সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ও বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জোয়াদুর রসুল বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (০৬ মে ২০২৬) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মোঃ জোয়াদুর রসুল বাবু ছিলেন চাঁদখালী ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় ও জনদরদী নেতা। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এলাকাবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি ছিলেন অসহায় ও দরিদ্র মানুষের আস্থার প্রতীক এবং সবার প্রিয় অভিভাবক।
তাঁর মৃত্যুতে চাঁদখালী ইউনিয়নসহ পুরো পাইকগাছা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করেছেন।