
গৌরনদী (বরিশাল) মোঃ মেহেদী হাসান।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগ ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর হাতে পর্যায়ক্রমে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু চারা বিতরণ নয়, প্রতিটি শিক্ষার্থীকে তার গাছের ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় কর্মসূচির তৃতীয় পর্যায়ে আজ উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব চারা সরবরাহ করা হয়।
এর আগে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে গৌরনদীতে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ে জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব পালনে উৎসাহিত করা হয়।
তৃতীয় পর্যায়ে ৩২টি বিদ্যালয়ে ৫ হাজার চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটি আরও বিস্তৃত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশসচেতনতা তৈরি করা এবং ছোটবেলা থেকেই তাদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলা।
কর্মসূচির আওতায় প্রতিটি চারার জন্য থাকবে একটি স্বতন্ত্র নম্বর। ওই নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী, বিদ্যালয় ও গাছের প্রজাতির তথ্য সংযুক্ত থাকবে। প্রতিটি বিদ্যালয়ে সংরক্ষণ করা হবে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ রেজিস্টার। এতে শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল, গাছের নাম, বৈজ্ঞানিক নাম, রোপণের স্থান এবং গাছের বৃদ্ধি ও পরিচর্যার তথ্য লিপিবদ্ধ করা হবে।
চারা বিতরণের পরই শেষ হবে না কার্যক্রম। প্রতিটি শিক্ষার্থীকে তার বরাদ্দ করা গাছের ‘বৃক্ষ অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অভিভাবকের সহযোগিতায় উপযুক্ত স্থানে চারা রোপণ, নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার এবং গবাদিপশু ও অন্যান্য ক্ষতি থেকে গাছ রক্ষা করতে হবে। প্রয়োজন অনুযায়ী সার ও অন্যান্য পরিচর্যার ব্যবস্থাও করতে হবে।
কর্মসূচির অন্যতম বিশেষ দিক হলো, শিক্ষার্থীদের শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের গাছ সম্পর্কে জানতেও উৎসাহিত করা। প্রত্যেক শিক্ষার্থীকে তার গাছের আঞ্চলিক ও প্রমিত বাংলা নাম, বৈজ্ঞানিক নাম, ফলজ বা ঔষধি গুণ এবং পরিচর্যার নিয়ম সম্পর্কে জানতে হবে। এর মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে ব্যবহারিক পরিবেশ শিক্ষার অংশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
চারা রোপণ ও পরিচর্যায় কারিগরি সহায়তা দেবে উপজেলা কৃষি অফিস। সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজারদের মাধ্যমে শিক্ষার্থীদের গর্ত প্রস্তুত, মাটি ও জৈবসারের ব্যবহার, পানি প্রয়োগ, আগাছা দমন, গাছের সুরক্ষা এবং রোগবালাই ও পোকামাকড়ের প্রাথমিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে