
রাজু আহাম্মেদ, গাজীপুর প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ততম পয়েন্ট ভোগড়া বাইপাস এলাকা। দীর্ঘদিন ধরে সড়কের ছোট-বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে সেখানে যানবাহন ও জনসাধারনের চলাচলে তীব্র দুর্ভোগ সৃষ্টি হয়ে আসছিল। এতে প্রতিনিয়ত যেমন যানজটের সৃষ্টি হচ্ছিল, তেমনি ঝুঁকি বাড়ছিল দুর্ঘটনার।
জনসাধারণের এই দুর্ভোগ নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশংসনীয় ও মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।সড়কের নিরাপত্তা জোরদার ও ভোগান্তি কমাতে ভোগড়া বাইপাস ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তানভীর এবং সার্জেন্ট অরবিন্দ সরজমিনে উপস্থিত থেকে সড়কের গর্তগুলো ভরাট এবং রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার কাজে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন।
সড়ক সংস্কার ও ট্রাফিক বিভাগের এই তৎপরতায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকরা। জিএমপি পুলিশের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের প্রশংসা করে তারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।