
স্টাফ রিপোটার : মো: ফয়জুল কবির রাজু।
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর পৌর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রসুলপুর গ্রামের মো. মোজাম্মেল সরকার (৪৮) ও খাদেরগাঁও ইউনিয়নের তেলিমছুয়াখাল গ্রামের হাবিবুর রহমান মিয়াজীকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলার ঘিলাতলী গ্রামের তামজিদ মিয়া (২৮) এবং তেলিমাছুয়াখাল গ্রামের মো. দেলোয়ার হোসেনকে (২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, গ্রেপ্তার মোজাম্মেল সরকারের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।