
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর থিরারপাড়া মৌজায় কালভার্ট ও সরকারী নালা বন্ধ করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, থিরারপাড়া মৌজার ২৩২ নম্বর দাগ ও ৬৭ নম্বর খতিয়ানভুক্ত দুটি সরকারি পানির নালা দীর্ঘদিন ধরে স্বাভাবিক পানি নিষ্কাশনে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি ওই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ আজিজ মিয়া কালভার্ট ও নালার মুখ জোরপূর্বক বন্ধ করে দেন। সরকারি কাগজপত্র অনুযায়ী নালার অস্তিত্ব সঠিক থাকা সত্ত্বেও তিনি আইন অমান্য করে নালার প্রবাহ আটকে নিজের ইটভাটার কার্যক্রম পরিচালনা করছেন।
এর ফলে সামান্য বৃষ্টি বা বর্ষার মৌসুমে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে যায় এবং কৃষকদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী এলাকাবাসী জানান, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে বা নালার মুখ খুলে দেওয়ার অনুরোধ জানালে অভিযুক্ত ব্যক্তি ও তার লোকজন মারমুখী আচরণ করে এবং গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে এস কে মোঃ আলমগীর বাদশা সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৌজা ম্যাপ ও পরচাসহ প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকেরা দ্রুত এই অবৈধ দখল মুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।