
মোঃ ইউসুফ স্টাফ রিপোর্টার :
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া), ১৬ জুলাই: ১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান এবং সুধীজন অংশগ্রহণ করেন।উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, সরাইল থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুর কামালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।