
মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।
বকশীগঞ্জ (জামালপুর) | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের একটি কার্যালয় দখল করে সেটিকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের পর এই ব্যতিক্রমী প্রতিবাদ জানানো হয়।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সকালে বগারচর ইউনিয়নের ওই কার্যালয়ে সমবেত হন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী, তাঁতীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ অন্যান্যরা।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের এই কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
গণঅধিকার পরিষদের অভিযান ও অগ্নিসংযোগ
আওয়ামী লীগের এই তৎপরতার প্রতিবাদে বিকেলে বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সেখানে অগ্নিসংযোগ করেন।
বিক্ষোভকারীরা অফিসের সামনে থেকে আওয়ামী লীগের সাইনবোর্ড, অপসারণ করেন। এরপর তারা কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা দিয়ে একটি নতুন সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
শাহরিয়ার সুমন (সভাপতি, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ) বলেন:
“নিষিদ্ধ ও গণবিরোধী কার্যক্রমের সাথে জড়িত কোনো দলের আস্ফালন এই মাটিতে বরদাশত করা হবে না। জনরোষের প্রতিফলন হিসেবেই আমরা এই অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছি।।।”