
মোঃ শাহাবুদ্দিন
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ
০৯ মার্চ, ২০২৬
হাটহাজারী উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার (৯ মার্চ) পৌরসভার বিভিন্ন স্থানে পরিচালিত এই মোবাইল কোর্টে ৫ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের বিস্তারিত:
পৌরসভার ৩নং ওয়ার্ডের তাহরিমা হাসপাতালের পেছনে একটি ঝুপড়ি ঘরে মাদক কেনাবেচা ও সেবনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সেখান থেকে ইয়াবা ও গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মো. মাসুদ ও মো. মামুনকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের দুজনকে ৩ মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া, আব্বাসিয়ার পুল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে রবিউল হোসেন বাপ্পী, মো. জিসান ও মো. মেহদি নামে তিন যুবককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা:
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই মাদক ব্যবসার সাথে জড়িত মূল হোতা এবং সরবরাহকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাটহাজারী মডেল থানাকে কঠোর নির্দেশনা প্রদান করেছে মোবাইল কোর্ট।
অভিযানটি পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে কোনো ছাড় দেওয়া হবে না।”