
মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।
বকশীগঞ্জ (জামালপুর) | ১৫ মার্চ, ২০২৬ রোজ রবিবার
জামালপুরের বকশীগঞ্জে আশঙ্কাজনক হারে অটো-ভ্যান ছিনতাই বৃদ্ধি, প্রশাসনের নীরব ভূমিকা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ‘বকশীগঞ্জের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনটি প্রধান দাবির ওপর জোর দেন:
অটো-ভ্যান ছিনতাই: গত কয়েক সপ্তাহে বকশীগঞ্জে প্রতিনিয়ত চালকদের মারধর করে অটো ও ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যা সাধারণ শ্রমজীবী মানুষের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে।
অপরাধমূলক কর্মকাণ্ড বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশক্তির নেতা ফয়সাল আহম্মেদসহ গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বকশীগঞ্জের সাধারণ জনতা।
”শ্রমজীবী মানুষের শেষ সম্বলটুকু ছিনতাই হয়ে যাচ্ছে অথচ প্রশাসন নির্বিকার। আমরা অবিলম্বে ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করার দাবি জানাচ্ছি বলেন নেতৃবৃন্দরা
মানববন্ধন শেষে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় এবং তেলের বাজার স্বাভাবিক না হয়, তবে বকশীগঞ্জের আপামর জনতাকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।।