
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহালের আবেদনের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। তদন্তে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে পুনর্বহাল না করার দাবি জোরালোভাবে উত্থাপিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস তদন্ত কার্য পরিচালনা করেন।বৃহস্পতিবার সকাল ১০টায় সোলাদানা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ তদন্ত অনুষ্ঠিত হয়।তদন্ত চলাকালে উপস্থিত সকল ইউপি সদস্য লিখিতভাবে সাবেক চেয়ারম্যানকে পুনর্বহাল না করার দাবি জানান।একই সঙ্গে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড,অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়।
এদিকে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় এলাকাবাসী ঝাড়ু মিছিল বের করেন,যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি আব্দুল মান্নান গাজী তার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেতে খুলনা জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ করা হলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন।
তদন্তকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযূষ কান্তি মণ্ডল,ইউপি সদস্য সিদ্দিক শিকারী, আজিজুর রহমান লাভলু,বাবু ও আবুল কালামসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।