
মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উজান কলকিহারা গ্রামে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখল এবং জমির ফসল (আখ) কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল ২০ এপ্রিল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ওরফ আলী (৬০) বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উজান কলকিহারা গ্রামের বাসিন্দা ওরফ আলী তার পৈতৃক সম্পত্তির ৩০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা করছিল।
এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল (সোমবার) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে এবং রোপণকৃত প্রায় সব আখ কেটে ফেলে নষ্ট করে দেয়।
হামলা ও হুমকির মুখে পরিবার
অভিযুক্তরা হলেন— মোঃ হানিফ আলী (৪৫), মোঃ আবুল মিয়া (৪০) এবং মোঃ বাবু মিয়া (৩০)।
ভুক্তভোগী ওরফ আলী জানান, জমি দখলের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ নজরুল মিয়া, মোছাঃ সাজেদা বেগম ও মোছাঃ রিতা বেগমের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে ওরফ আলী বলেন:
”আমি একজন নিরীহ ও সহজ সরল মানুষ। বিবাদী পক্ষ অনেক প্রভাবশালী। তারা প্রকাশ্যে আমার ফসল নষ্ট করেছে এবং এখন আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও আমার পৈতৃক জমি ফিরে পাওয়ার দাবি জানাই।”
এ বিষয়ে বকশীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “একটি লিখিত অভিযোগ প্রাপ্তি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”