
”
জাতীয় পত্রিকা সপ্তাহে একুশে | নরসিংদী | ৮ জুন ২০২৬
নরসিংদী জেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর পৃথক অভিযানে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় সর্বমোট ৭৭৫ পিস ইয়াবা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা উপজেলার চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রায়পুরা থানাধীন বাঁশগাড়ী, পাড়াতলী ও শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)-এর ইনচার্জ ইন্সপেক্টর এরশাদ উল্লাহর নেতৃত্বে কুড়েরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ আফজাল হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবির আরেকটি দল রায়পুরা থানাধীন বটিয়ারা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ মোঃ নজরুল ইসলাম (৫০) ও মোঃ আমির হোসেন (৫১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে খাকচক এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোঃ ইদ্রিস মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ডিবি পুলিশের অপর এক অভিযানে মাধবদী থানাধীন টাটা পাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ হারুন মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে।
অপরদিকে পলাশ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে শহীদুল হাওলাদার (২৬) নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তিনি খিলক্ষেত ও বরিশাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, জেলাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি. জে সএ এস।