
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য প্রদর্শনী।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমারেশ কুমার হালদার।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এ সময় বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রকল্প মূল্যায়ন শেষে সেরা প্রতিষ্ঠান হিসেবে যথাক্রমে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমিকে পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতের উদ্যোক্তা ও উদ্ভাবক তৈরিতেও এ উদ্যোগ সহায়ক হবে।