
স্টাফ রিপোর্টার:মোঃ সাজ্জাদ হোসেন
নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আয়েশা একই গ্রামের ওহিদ শেখের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়েশা তার বাবা-মায়ের সাথে কয়েকদিন আগে চর আড়িয়ারা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশে খেলা করতে বের হয়। একপর্যায়ে সবার অজান্তেই সে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
এদিকে আয়েশাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে আয়েশার মরদেহ ভাসতে দেখেন তারা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
”পরিবারের সদস্যদের অসতর্কতায় খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”
— কর্তব্যরত চিকিৎসক
এদিকে চোখের পলকে ফুটফুটে শিশু আয়েশার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নানাবাড়ির চারপাশ। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।