
মোঃ আবদুল করিম স্টার রিপোর্টার জাতীয় পত্রিকা একুশে সহায়তা বিতরণ
টানা অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার স্টেশন এবং কোনাখালী ইউনিয়নের মরংগুনা এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মন্নান।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক পানিবন্দি ও বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাকালীন জরুরি প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ধরনের ওষুধ ও মোমবাতিও বিতরণ করা হয়, যাতে দুর্গত মানুষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা পান।
জেলা প্রশাসক আবদুল মন্নান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ বড়ুয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন রনি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস এবং মাতামুহুরি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ প্রমুখ।