
স্টাফ রিপোর্টার সালমা
নরসিংদী জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ নরসিংদীর উদ্যোগে আয়োজিত এ সভা বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি.) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
মতবিনিময় সভায় নরসিংদী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, সাইবার অপরাধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, “গণমাধ্যম ও পুলিশ একে অপরের পরিপূরক। সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে গণমাধ্যমের সহযোগিতা পেলে পুলিশ আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।”
তিনি আরও বলেন, জেলা পুলিশের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেন।