
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি:
সাংবাদিক কামাল সরকারের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিক মাসুদ রানা বাবুল ও কামাল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।
সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান পিন্টু, যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন, দপ্তর সম্পাদক ও জুলাই যোদ্ধা ইউসুফ ভূঁইয়া, প্রচার সম্পাদক নিরন মিয়া এবং সদস্য নাজমা বেগম, সাইফুল, মানিকসহ অন্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল একজন সৎ, আদর্শবান ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি বিএনপির একজন পরীক্ষিত সৈনিক, সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা। তিনি দীর্ঘদিন ধরে এশিয়ান টিভি, দৈনিক আজকের চেতনা ও দ্য ফাইন্যান্সিয়াল পোস্টে সুনামের সাথে কাজ করে আসছেন। মাদক, মানব পাচার, চাঁদাবাজি ও ধর্ষণের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়েই তিনিসহ তিন সাংবাদিক পরিকল্পিত ‘মব’-এর শিকার হন এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।
বক্তারা আরও জানান, মামলার অপর আসামি কামাল হোসেন একজন প্রাক্তন জনপ্রতিনিধি এবং ‘দৈনিক নরসিংদীর নবকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত। অন্যদিকে, কামাল সরকার দীর্ঘ ২৫ বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে ‘দৈনিক নরসিংদীর সংবাদ’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পেশাদারিত্বের সাথে কাজ করছিলেন। অথচ এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা নরসিংদীর পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানান। তারা প্রকৃত অপরাধী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, মানব পাচারকারী, ধর্ষক এবং মব সৃষ্টিকারীদের গ্রেফতারের জোর দাবি জানান। একইসাথে সাংবাদিক কামাল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মাসুদ রানা বাবুল ও কামাল হোসেনসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির আহ্বান জানান।