
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক।
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী, জাপার কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ সময় তিনি জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট শামীম হায়দার পাটয়ারী-এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম হস্তান্তর করেন। মনোনয়ন জমাদান উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম জমাদান শেষে মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, খুলনা-৬ আসনের সাধারণ মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও জাতীয় পার্টির আদর্শ ধারণ করে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করে দেশবাসীসহ খুলনা-৬ আসনের জনগণের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
এদিকে, জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দলের জন্য তাঁর ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।