
মোঃ মামুন রাজা,নিজস্ব প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় ব্র্যাক ব্যাংক আমাদী শাখার একটি মোটরসাইকেল চুরির ঘটনায় চোরকে আটক করেছে সাধারণ জনতা ও ব্যাংক কর্মীরা।
ব্যাংক সূত্রে জানা গেছে,বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে ব্র্যাক ব্যাংক আমাদী শাখার কর্মী মোঃ ঈসা আলীর ব্যবহৃত একটি মোটরসাইকেল শাখার সামনে থেকে চুরি হয়।বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে পাইকগাছা উপজেলার চাঁদখালী ব্র্যাক ব্যাংক শাখাকে জানানো হলে,চাঁদখালী শাখার কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত তৎপর হন।
এরপর স্থানীয় জনগণের সহযোগিতায় চাঁদখালী বাজার এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। সে আরও জানায়,এর আগেও কয়রা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অন্তত আরও ৬টি মোটরসাইকেল চুরির সঙ্গে সে জড়িত ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।উদ্ধারকৃত মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।একই সঙ্গে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় দ্রুততা ও সচেতনতার জন্য স্থানীয় জনগণ এবং ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।