
শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া বিনাপানী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা ক্যাম্পে সাড়ে ৩ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার(২৯জানুয়ারি)সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকার সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে ভিড় করেন।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রায় ৫০ জন রোগীর মাঝে বিনামূল্যে চশমা,দাঁতের ওষুধ, টুথপেস্টসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।
সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট এবং পাইকগাছা আমেনা ডেন্টাল কেয়ারের অভিজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
চক্ষু চিকিৎসক হিসেবে ডা.সোহানুর রহমান এবং ডেন্টাল চিকিৎসক হিসেবে ডেন্টিস্ট মোঃ মহব্বত আলী গাজী রোগীদের চিকিৎসা প্রদান করেন।গ্রামীণ চক্ষু হাসপাতালের অর্গানাইজার আরাফাত হোসেন টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন।
ক্যাম্প চলাকালে ৩০ জন ছানি রোগী সনাক্ত করা হয়। এসব রোগীকে পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন,এক মাসের ওষুধ এবং প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
এ বিষয়ে আয়োজক সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন,
“এই অবহেলিত জনপদের মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা করে আমি বিগত বছর থেকে নিজ উদ্যোগে ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা ক্যাম্প আয়োজন করে আসছি। আগামী দিনগুলোতেও আল্লাহ চাইলে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের মানবসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।