
মোঃ আবদুল করিম স্টাফ রিপোর্টার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড তরছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন,
“যারা চাঁদাবাজি করে, দখলবাজি করে, মানুষের ক্ষতি করে—তাদেরকে সাইজ করে ফেলব। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
সামাজিক সচেতনতামূলক বক্তব্যে ওসি তৌহিদুল আনোয়ার উপস্থিত মুসল্লিদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
এসময় স্থানীয় মুসল্লিরা পুলিশের এই ধরনের জনস্বার্থমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।