
মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জনসংযোগ ও মতবিনিময় জোরদার করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় কুমারখালী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী পৌরসভার সাম্ভাব্য মেয়র প্রার্থী ও কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, খান আতিকুর রহমান সবুজ। তিনি তার বক্তব্যে কুমারখালী পৌরসভাকে আধুনিক, সেবামুখী ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, কুমারখালী পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনই একজন নেতার প্রকৃত শক্তি। তাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখা জরুরি।
পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মাহমুদুল হাসান কাজলের সভাপত্বিত্বে ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উঠান বৈঠকে উপস্থিত জনগণ তাদের নানাবিধ সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে সড়ক অবকাঠামোর উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষের এসব বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।